স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদের জাতীয়করণ দাবি

মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত আল্টিমেটাম, এরপর নতুন কর্মসূচি

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিষয়ে সচিবালয়ে বৈঠকের পর তাদের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও তা করা হয়নি। এই পরিস্থিতি মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর দুইটা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

এই সময়ের মধ্যে তাদেরকে দাবি পূরণে লিখিত আশ্বাস বা জাতীয়করণের রোডম্যাপ ঘোষণা না করা হলে অন্য কর্মসূচি ঘোষণা করবেন।

সোমবার (২৭ জানুয়ারি) রাত পৌনে দশটার দিকে সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে দ্বিতীয় দিনে রাতেও অবস্থান কর্মসূচি পালন করছেন তারা৷

এসময় বাংলা ট্রিবিউনের সাথে কথা হয় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল হান্নানের। তিনি জানান, আমাদের বিষয় নিয়ে আজ (সোমবার) সচিবালয়ে মিটিং হয়েছে। সেটি পর আমাদের সিদ্ধান্ত জানানোর কথা থাকলেও কিছুই জানায়নি।

তিনি আরও বলেন, আমরা আগামীকাল দুপুর ২টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি। আমাদের এই অবস্থান কর্মসূচি তখন পর্যন্ত চলবে। এর মধ্যে আমাদের দাবি পূরণের কোনও রোডম্যাপ, প্রজ্ঞাপন বা লিখিত আশ্বাস না দিলে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করবো।