জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী (পিএ) মো. জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী কামরুন্নাহারের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে উপপরিচালক মো. রাশেদুল ইসলাম নিষেধাজ্ঞার আবেদন করেন।
নিষেধাজ্ঞা আবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম ঢাকায় তার নিজ নামে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করায় এবং তিনি তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে তার কর্তৃক অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার মানসে ৮টি ব্যাংক অ্যাকাউন্টের ২৩টি হিসাবে মোট ৬শ ২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা বা ক্রেডিট ও জমা করা ওই অর্থ বিভিন্ন মাধ্যমে উত্তোলন বা স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করায় দুদকের আইনে মামলা হয়েছে। আসামিদরে বিদেশ গমনের নিষেধাজ্ঞা প্রদানের বিষয়ে হাইকোর্টের রিট পিটিশন রায়ের প্রেক্ষিতে বিজ্ঞ আদালতের অনুমতি গ্রহণ করা প্রয়োজন।
উল্লেখ্য, রিট পিটিশন ৮২৪/২০২১ মর্মে রায় প্রদান করেন, সামগ্রিক অবস্থা বিবেচনা নিয়ে আদালতের সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিমত এই যে, দুদকসহ বিভিন্ন তদন্ত সংস্থা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উচিত হবে যে, অনুসন্ধান বা তদন্ত পর্যায়ে যে কোনও অপরাধের সাথে জড়িত সন্দেহভাজন কোনও ব্যক্তিকে দেশত্যাগে বারিত করার জন্য অবিলম্বে প্রয়োজনীয় আইন বা বিধি প্রণয়ন করা, এবং যতক্ষণ পর্যন্ত এই ধরনের আইন বা বিধি প্রণয়ন করা না হবে ততক্ষণ পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে এখতিয়ার সম্পন্ন আদালতের নিকট এ ধরনের বারিত আদেশ প্রার্থনা করা এবং আদালতের অনুমতি গ্রহণ করা।