রাজধানীর মহাখালী আমতলী এলাকায় ট্রাফিকের দায়িত্বে থাকা এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের দুই কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে মহাখালী দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা জানান, সড়কের উল্টো পথে ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের দুই জন কর্মকর্তা যাচ্ছিলেন। এ সময় ট্রাফিকের দায়িত্বে থাকা এক শিক্ষার্থী রিকশা থামিয়ে ঘুরে যেতে বললে তারা ওই শিক্ষার্থীর ওপর চড়াও হন। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে ধরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ভবনের নিচে নিয়ে যান। এরপর সেখানে চেয়ারের সঙ্গে বেঁধে আরও কয়েকজন মিলে তাকে মারধর শুরু করেন।
পরে এ ঘটনায় ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ও অন্য শিক্ষার্থীরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের গিয়ে শিক্ষার্থীকে ছাড়িয়ে নিয়ে আসেন। এ সময় অন্য শিক্ষার্থীরা অভিযুক্ত দুই কর্মকর্তার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন। পরে বনানী থানা পুলিশ অভিযুক্ত দুই কর্মকর্তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারোয়ার বলেন, ‘মহাখালীর আমতলী এলাকায় ট্রাফিক বিভাগে সহায়তাকারী শিক্ষার্থীদের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনার দুই কর্মকর্তা তর্ক-বিতর্কে জড়ান। এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন দুর্যোগ ব্যবস্থাপনার সেই দুই কর্মকর্তা তাদের সঙ্গে অসদাচারণ এবং মারধর করেছে। এমন অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত দুই কর্মকর্তাকে আমরা থানায় নিয়ে এসেছি। শিক্ষার্থীরা কোনও অভিযোগ দায়ের করলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তবে অভিযুক্ত ওই দুই কর্মকর্তার নাম জানতে চাইলেও বলেননি পুলিশের এই কর্মকর্তা।