তুরাগে ব্যবসায়ীকে কুপিয়েছে ছিনতাইকারীরা

রাজধানীর তুরাগ ইকোপার্কের অদূরে বালু ব্যবসায়ী পাভেল উদ্দিনকে (৩০) এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা ও মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, আহত পাভেল ঢামেকে চিকিৎসা নিয়েছেন। 

আহতের স্ত্রী পাখি আক্তার জানান, গতকাল গভীর রাতে তুরাগ নদের অদূরে ইকোপার্কের পাশে ৩ ছিনতাইকারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে ১০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।  

আহতের বরাত দিয়ে তিনি আরও বলেন, ছিনতাইকারীরা মুখে মাক্স পরা ছিল। পাভেল বালুর সাপ্লাইয়ের ব্যবসা করেন। রাতে সাইটে কাজের অগ্রগতি দেখতে গিয়ে ছিনতাইকারীদের আক্রমণের শিকার হন। রাত ৮টার দিকে অন্ধকারে তারা আক্রমণ করে। পরে আহত অবস্থায় প্রথমে টঙ্গী হাসপাতাল, পরে সেখান থেকে রাত ১২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার শরীরের ৭/৮টি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। 

দক্ষিণখান আব্দুল্লাহপুর কোটবাড়ি রেললাইন এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন পাভেল উদ্দিন। তার বাবার নাম নাসির উদ্দীন।