রাজধানীর সবুজবাগের নন্দিপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে মো. জাহিদ মিয়া (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক এ তথ্য জানান।
গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মো. এনামুল হক জানান, মৃতের স্বজনরা হাসপাতালে নিয়ে এসে প্রথমে জানিয়েছেন, জাহিদ হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন। পরে প্রাথমিক তদন্তের পর জানা যায় ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।
নিহতের শ্যালক মো. রিয়াজ বলেন, তাকে ওই নির্মাণাধীন ভবনের ফোরম্যান জানিয়েছিলেন, সে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন।
জাহিদ ভোলা লালমোহন উপজেলার দাউরি গ্রামের কৃষক রবিউল মিয়ার ছেলে। বর্তমানে নন্দীপাড়া লালমসজিদ এলাকায় থাকতেন। তার পরিবার থাকতেন গ্রামের বাড়ি। দুই ভাই দুই বোনের মধ্যে সে ছিল ছোট। এক মেয়ে আছে তার।