চার দফা দাবি আদায়ে সচিবালয় অভিমুখে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) লং মার্চ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে সাংবাদিকসহ ১৮ জন আহত হয়েছেন।
রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক আহতদের বিষয়ে নিশ্চিত করেছেন।
মো. ফারুক জানান, সচিবালয়ের সামনে থেকে আহত অবস্থায় ১৮ জনকে ঢামেকের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
আহতরা হলেন– নওগাঁ ম্যাটসের মেহরাব (২০), প্রাইম ম্যাটসের এরশাদুল হক (৩০), শ্যামলী ম্যাটসের জাহিদুল হাসান (২৬), সোহাগ (২২), আমানুল্লাহ (২০), ট্রমা ম্যাটসের সায়মা (২১), সুমাইয়া খাতুন (২০), তাহমিনা আক্তার তমা (২০), বরিশাল জমজম ম্যাটসের মোহাম্মদ রাসেল (২৩), গাজীপুর ম্যাটসের শিহাব (২০), কুষ্টিয়া ম্যাটসের আরাফাত (২১), জাহিদ হাসান (২১), টাঙ্গাইল সোহরাব উদ্দিন ম্যাটসের নাঈম (২৫), বাগেরহাট ম্যাটসের সায়েম (২০) ও ব্রেকিং নিউজের স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম শিমুল (২৮)।
হাসপাতালে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা বেশ কিছু দিন ধরে ৪ দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে। আজও আন্দোলনের অংশ হিসাবে তারা সচিবালয়ে দিকে যাচ্চিলাম। তারা বলেন, যাওয়ার সময়ে আমাদের সামনে পুলিশ ছিল। মৎস্য ভবনের কাছাকাছি পৌঁছানোর পর রাস্তা বন্ধ করে পুলিশ আমাদের ওপর হামলা চালায়।
চার দফা দাবি হচ্ছে—
১। অনতিবিলম্বে শুন্যপদে নিয়োগ ও নতুন পদ সৃষ্টি করতে হবে।
২। প্রতিষ্ঠানের নাম ও কোর্স কারিকুলামের সংশোধন করতে হবে।
৩। ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার ব্যবস্থা করতে হবে।
৪। স্বতন্ত্র শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করতে হবে।