ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রচিত ‘ইসলামী বিধিবিধান’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে ডিআর টাওয়ারের রুফটপে বইটির মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
তিনি বলেন, ‘কুরআন-হাদিসের দালিলিক প্রমাণসহ শরিয়তের নানা বিষয় ইসলামী বিধিবিধান গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। এ বইটি শরিয়তের আকিদা ও অনুসরণযোগ্য নিয়মনীতি বিষয়ে সমাজে প্রচলিত প্রশ্ন, বিভেদ ও বিভক্তি নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।’ তিনি বইটির পাঠকপ্রিয়তা ও বহুল প্রচার কামনা করেন। এছাড়া তিনি বইটিকে ডিজিটাল ফর্মে প্রকাশের পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘কুরআন হাদিসের আলোকে ইসলামী শরিয়তের বিভিন্ন বিষয় বইটিতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। মতপার্থক্য তৈরি করতে পারে এমন বিষয় পরিহারের প্রয়াসও চালানো হয়। এছাড়া বইটি সংক্ষিপ্ত কলেবরে প্রকাশ করা হয়েছে।’
অনুষ্ঠানে আরও ছিলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, দৈনিক নয়া দিগন্তের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাওলানা লিয়াকত আলী, কবি ও গবেষক মুসা আল হাফিজ এবং আবেদ হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু খালিদ মো. বরকত উল্লাহ।
‘ইসলামী বিধিবিধান’ বইটি বিশ্বকল্যাণ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে। এ বইয়ে চারটি অধ্যায়ে কুরআন হাদিসের আলোকে ঈমান, ইবাদত, মুআমালাত ও মুআশারাতের গুরুত্বপূর্ণ বিষয়াবলি সন্নিবেশিত করা হয়।