আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের ঘটনায় সুমন মিয়া(৩২) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুজনে।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল।
এরআগে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে আশুলিয়ার গুমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ একই পরিবারের ১১ জন দগ্ধ হন। তাদের স্থানীয় হাসপাতাল হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।
দগ্ধ আরও ৯ জন হলেন— মোছা. সূর্য্য বানু(৫৫), মোছা. জহুরা বেগম(৭০), মো. মনির হোসেন(৪৩), সোহেল(৩৮), শারমিন(২৫), ছামিন মাহমুদ(১৫), মাহাদী(৭), সোয়ায়েদ(৪) ও মোছা. সুরাহা(৩)।
জানা যায়, দুই তলা বাড়ির ওপরের তলায় সুমন দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন। রাতে তার মা ও ভাই সোহেলের পরিবার বেড়াতে আসেন। রাতে পিঠা বানানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এসময় তাদের পরিবারের শিশু ও নারীসহ মোট ১১ জন দগ্ধ হয়।