ঢাবির জগন্নাথ হল মোড়ে প্লাস্টিকের ব্যাগে নবজাতকের মরদেহ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল মোড় এলাকায় প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে একদিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাওয়ার পর শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্লাস্টিকের ব্যাগের ভেতরে নবজাতকের মরদেহ পাই। পরে দ্রুতই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটি ভূমিষ্ঠ হওয়ার পরপরই কেউ বা কারা তাকে ফেলে রেখে গেছে। তবে এটি হত্যা নাকি অন্য কোনও ঘটনা, তা তদন্তের পর জানা যাবে।

পুলিশ বিষয়টি গভীরভাবে অনুসন্ধান করছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চলছে বলে জানায় এসআই মাহমুদুল হাসান।