রাজধানীর ওয়ারীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যবসায়ী গুরুতর আহত

রাজধানীর ওয়ারীর বনগ্রাম দিলিপ মাঠ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু কায়সার ভুবন (৩২) নামের এক জুতা ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। ছিনতাইকারীরা পথরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার পর ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।  

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।  

আহত ব্যবসায়ীর বাবা আবু সায়েম জানান, তার ছেলে কায়সার জুতার ব্যবসা করতেন। ঘটনার দিন সন্ধ্যার পর তিনি রিকশায় করে বনগ্রামের দিলিপ মাঠ এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার পথরোধ করে।  

তাদের টার্গেট ছিল কায়সারের সঙ্গে থাকা ব্যবসার ৭০ হাজার টাকা। কিন্তু কায়সার টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা রিকশা থামিয়ে তাকে ছুরিকাঘাত করে।

আবু সায়েম আরও বলেন, দুর্বৃত্তরা আমার ছেলের ঘাড়, দুই হাত, পিঠ ও বাম পায়ে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে এবং ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাত পৌনে ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে জরুরি বিভাগে আনা হলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।