রাজধানীর দক্ষিণখান এলাকায় ডিশ লাইনের (ক্যাবল টিভি) ব্যবসা ও ময়লা অপসারণ ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসায়ী শারফিন হোসেন সোহেল হত্যার ঘটনায় আহম্মেদ (২৭) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এরআগে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরের কাসিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আহম্মেদকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ডিশ ও ময়লা অপসারণ ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে গত বছরের ২৭ অক্টোবর সন্ধ্যা সোয়া ৭টার দিকে দক্ষিণখানের চালাবন মৌশাইর এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সোহেলকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আহম্মেদসহ কয়েকজন মিলে চাইনিজ কুড়াল ও চাপাতি দিয়ে সোহেলকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, তবে ২৮ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় সোহেল মারা যান।নিহত সোহেলের মা হাকিমুন নাহার বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ডিসি তালেবুর রহমান জানান, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আহম্মেদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গাজীপুরের কাসিমপুর থানার সারদাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আহম্মেদ হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তিনি আরও বলেন, মামলার এজাহারনামীয় মূল আসামি আহম্মেদ চার মাস ধরে আত্মগোপনে ছিলেন। ঘটনার পর তার কয়েকজন সহযোগী গ্রেফতার হলেও সে পলাতক ছিল। ডিশ ও ময়লা অপসারণ ব্যবসার দ্বন্দ্বের জেরে সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়।
গ্রেফতার আহম্মেদকে আদালতে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ডিসি তালেবুর রহমান।