প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সরে গেলেন গণঅভ্যুত্থানে আহতরা

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থানরত আন্দোলনরত জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যরা দাবি পূরণের আশ্বাসে সরে গেলেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আহতরা চিকিৎসাধীন নিজ নিজ হাসপাতালে চলে যান।  

এর আগে বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে কয়েকটি দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেন। এসময় তারা জুলাই আন্দোলনে আহতদের উপযুক্ত ক্ষতিপূরণ, পর্যাপ্ত সহায়তাসহ কয়েকটি দাবি জানিয়েছিলেন।

বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল শাহ বলেন, আন্দোলনকারীদের দাবির বিষয়ে সরকারের ঊর্ধ্বতন থেকে উপযুক্ত আশ্বাসে সন্ধ্যায় তারা হলে গেছেন।

জানা যায়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থানরতদের সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়। পরে পুলিশের পক্ষ থেকে বোঝানো হলে তারা অবরোধ থেকে সরে আসেন। অভ্যুত্থানে আহতরা পুলিশের সহযোগিতায় পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য চলে গেছেন। কেননা আন্দোলনকারীরা বুধবার সকাল ৯টা থেকে সেখানে অবস্থান নিয়েছিলেন।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া ব্যক্তিরা জানান, তাদের তিন দাবির মধ্যে রয়েছে— আহতদের ক্যাটাগরি তিনটির পরিবর্তে দুটি করতে হবে; শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সুরক্ষার জন্য একটি আইন করতে হবে এবং জুলাই আন্দোলনে প্রত্যন্ত অঞ্চলের যারা আহত হয়েছেন, তাদের সেবা নিশ্চিত করতে হটলাইন নম্বর চালু করতে হবে। এসব দাবি পূরণের আশ্বাস দিয়েছেন সরকারের পক্ষ থেকে।

প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া জুলাই আহত আন্দোলনকারীদের একজন আমজাদ হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, আজ (বৃহস্পতিবার) বিকাল ৫টার দিকে পুলিশ সদস্যরা এসে আমাদের কয়েকজনকে গাড়িতে করে নিয়ে যায়। এরপর আমরা যারা ছিলাম সবাই সেখানে থেকে সরে যায়। এছাড়া আমরা যে দাবি নিয়ে অবস্থান করেছিলাম, সে দাবি আংশিক পূরণ না হলেও আমাদের দাবি সরকার মেনে নিয়েছে। যার কারণে আমরা আমাদের অবস্থান থেকে সরে দাঁড়ায়।