২৫ ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছে ‘বৈষম্যবিরোধী অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার সমন্বয় পরিষদ’। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে পরিষদের আত্মপ্রকাশের সময় বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডার ব্যতীত বিভিন্ন ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার (১ মার্চ) নবগঠিত পরিষদের সমন্বয়ক কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানান।
পরিষদের আত্মপ্রকাশের পর শনিবার ১ মার্চ কেআইবি’তে তাদের একটি সভা অনুষ্ঠিত হয়। প্রফেসর আব্দুস সামাদের সভাপতিত্বে এই সভায় আলোচকরা জনপ্রশাসনের কাঙ্ক্ষিত সংস্কারের জন্য অন্তর্বতী সরকারকে সহযোগিতার জন্য আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি, রাষ্ট্র ও জনগণের কল্যাণে কাঙ্ক্ষিত সংস্কারের পরিবর্তে প্রশাসন ক্যাডারকে অধিক সুবিধা প্রদানের সুপারিশ সম্বলিত জনপ্রশাসন সংস্কার কমিশনের রিপোর্টকে পক্ষপাতদুষ্ট হিসেবে ক্ষোভ প্রকাশ করা হয়। এছাড়া, প্রশাসন ক্যাডারের বিভিন্ন সদস্য কর্তৃক জনপ্রশাসন মন্ত্রণলায়ে বিশৃঙ্খলা, সমাবেশ করে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানকে আল্টিমেটাম দেওয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য ২৫ ক্যাডারের সদস্যদেরকে অশ্রাব্য ভাষায় আক্রমণের পরও তাদের বিরুদ্ধে কোনেও পদক্ষেপ না নেওয়ায় নিন্দা প্রকাশ করা হয়। এসময় বিভিন্ন পর্যায়ের বঞ্চিত কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার বাদে অন্যান্য ক্যাডারের সঙ্গে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানানো হয়। এই বৈষম্য দূরীকরণে দ্রুত যথাযথ পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়।
পাশাপাশি, বৈষম্যমূলকভাবে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের অন্তর্ভুক্ত বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাদের সাময়িক বরখাস্তের প্রতিবাদে ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে আগামীকালের (রবিবার) পূর্ণদিবস কর্মবিরতির সঙ্গেও একাত্মতা প্রকাশ করা হয়। এই দাবিতে ‘বৈষম্যবিরোধী অবসরপ্রাপ্ত ২৫ ক্যাডার সমন্বয় পরিষদ’ খামারবাড়িতে রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১ মানববন্ধন করবেন এবং সারা দেশে অবস্থানরত ২৫ ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদেরকে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে রবিবার সকাল সাড়ে ১০টা হতে সাড়ে ১১টা পর্যন্ত সময়ে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।