উর্দুভাষীদের বিরুদ্ধে ঢালাও মামলার প্রতিবাদ, রাজপথে নামার ঘোষণা মান্না-ফুয়াদের

উর্দুভাষী ক্যাম্পে বসবাসকারী ও তাদের নেতাদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে রাজপথে নামার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, গণফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

শনিবার (১ মার্চ) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে উর্দু স্পিকিং পিপলস ইউথ রিহ্যাবিলিটেশন মুভমেন্ট (ইউএসপিওয়াইআরএম) কর্তৃক 'উর্দুভাষী সংখ্যালঘু ও তাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে কর্মসূচি নির্ধারণ' শীর্ষক গোলটেবিল বৈঠকে এই ঘোষণা দেন তারা।

গোলটেবিল বৈঠকে আয়োজক সংগঠনের সভাপতি সাদাকাত খান ফাক্কু ঢালাও মামলা প্রত্যাহার না করলে আত্মাহুতি কর্মসূচি ঘোষণা করেন। এসময় বক্তারা এধরণের কর্মসূচি না দিয়ে রাজপথ দখলের পরামর্শ দেন। তারা বলেন, আত্মাহুতি কর্মসূচি কোনও সমাধানের পথ নয়। ঢালাও মামলার প্রতিবাদে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, সাদাকাত খান ফাক্কু কীভাবে এবং কোন পরিস্থিতিতে আত্মাহুতি কর্মসূচি দিয়েছেন সেটা আমরা বুঝতে পেরেছি। আমাদের রাষ্ট্র কোন দিকে যাচ্ছে তা খুব ভালোভাবেই বুঝা যাচ্ছে।

তিনি বলেন, সাদাকাত খান ফাক্কু মারা যাবে আর আমরা বসে বসে দেখব তাতো হতে পারে না। এরকম হলে নিজেকে মানুষ মনে হবে না। সাদাকাত খান ফাক্কু ও তার সংগঠনের নেতাকর্মীরা স্বৈরাচারবিরোধী আন্দোলনে ২০১২ সাল থেকে আমাদের সাথে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এজন্য তখন তিনি হামলা-মামার শিকার হয়েছেন। ২৪-এর আন্দোলনের পর তিনি ছাত্র হত্যা মামলার আসামি হবেন এটা ভাবতেও অবাক লাগে। পুলিশ মামলা নেওয়ার আগে কেন তদন্ত করেনি?  যতদ্রুত সম্ভব এসব মামলার তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে হবে।

মান্না বলেন, আত্মহত্যার চিন্তা বাদ দেন। রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলুন। রাজপথ দখল করে ফেলুন। আমি ও আমার সংগঠন আপনাদের সাথে থাকবে।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, আত্মহত্যার মতো কর্মসূচি দিয়ে ষড়যন্ত্রকারীদের কাছে মাথা নত করা যাবে না। এসব মামলা প্রত্যাহার করতে সরকার ও প্রশাসনকে বাধ্য করতে হবে। এজন্য তীব্র থেকে তীব্রতর আন্দোলন করতে হবে। আপনারা আন্দোলনের প্রস্তুতি নেন। আমরা সবাই আপনাদের সাথে রাজপথে থাকবো।

এসময় গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ ও মোহাজির রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট মুভমেন্টের (এমআরডিএম) সভাপতি ওয়াসি আলম বশির প্রমুখ।