ঈদের আগে উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং শেষ হবে: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুনভাবে সংযুক্ত ১৮টি ওয়ার্ডের মধ্যে উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিং ঈদের আগেই শেষ হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ।

রবিবার (২ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরখানে চলমান উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

এদিন সকাল ১০টায় আজমপুর রেলগেট থেকে শুরু করে উত্তরখানের রাস্তা ও ড্রেনেজের নির্মাণ কাজ পরিদর্শন করেন ডিএনসিসি প্রশাসক, প্রকৌশল বিভাগের কর্মকর্তারা এবং প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের সদস্যরা।

পরিদর্শন শেষে উত্তরখান আমবাগানে সেনাবাহিনীর প্রকল্প ক্যাম্পে ডিএনসিসি প্রশাসকের সভাপতিত্বে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় ডিএনসিসি, ডেসকো, ওয়াসা এবং সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করে।

সভা শেষে ডিএনসিসি প্রশাসক জানান, ‘রমজান মাসের মধ্যেই উত্তরখানের প্রধান সড়কের কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হবে। কাজের গতি বাড়ানো হয়েছে, যাতে ঈদের আগেই জনগণ নতুন রাস্তার সুবিধা পায়।’

তিনি বলেন, ‘ডেসকো ও ওয়াসা পানির লাইন এবং বিদ্যুতের সংযোগের জন্য রাস্তা কাটার অনুমতি চেয়েছে। তবে বর্ষার আগে নতুন রাস্তা কাটতে দেওয়া হবে না। বর্ষার পর নির্দিষ্ট সময় নির্ধারণ করে তাদের কাজের অনুমতি দেওয়া হবে, যাতে জনগণের ভোগান্তি কম হয়।’

এলাকায় উন্নয়ন কার্যক্রমে চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, ‘উত্তরখানে অপরিকল্পিত ভবন নির্মাণের ফলে প্রশস্ত রাস্তা ও কার্যকর ড্রেনেজ নেটওয়ার্ক গড়ে তোলা কঠিন হচ্ছে। তাছাড়া, ড্যাপে নির্ধারিত নাগরিক সুবিধা— মাঠ, পার্ক ও হাসপাতাল নির্মাণের জন্য জায়গা সংকটও অন্যতম চ্যালেঞ্জ।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শরীফ উদ্দীন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খন্দকার মাহাবুব আলম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান ও মো. জুলকার নায়নসহ অন্যান্য কর্মকর্তারা।