রাজধানীর কমলাপুরে নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের ওপর থেকে পড়ে নাঈম (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।
নিহত নাঈম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পানিয়াল পুকুর গ্রামের নাজিমুল ইসলামের ছেলে।
তার সহকর্মী নাজমুল জানান, মতিঝিলের কমলাপুর এলাকায় মেট্রোরেলের নির্মাণকাজ করার সময় দুর্ঘটনাটি ঘটে। নাঈম ওপর থেকে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।