রাজধানীর লালবাগ এলাকায় অটোরিকশাচালক মাহবুব হত্যা মামলার অন্যতম আসামি মো. রবিন ওরফে ‘ভুড্ডা রবিন’কে (২৪) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৭ মার্চ) বিকালে র্যাব ১০-এর একটি দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় লালবাগ এলাকায় অভিযান চালিয়ে রবিনকে গ্রেফতার করে। র্যাব-১০ সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, মাহবুব আলম (৩২) লালবাগ এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত বছরের ৩১ ডিসেম্বর রাত ১০টার দিকে থার্টিফার্স্ট নাইট উদযাপন করতে তিনি বাসা থেকে বের হন। পরদিন (১ জানুয়ারি) রাত দেড়টার দিকে পূর্ব-শত্রুতার জেরে পরিকল্পিতভাবে ‘পিচ্চি মনির গ্যাং’-এর সদস্য মো. রবিন ও তার সহযোগীরা মাহবুবকে জেএন সাহা রোড এলাকায় দেশীয় অস্ত্র, ছুরি ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করেন।
পরবর্তীতে এ ঘটনায় নিহতের মা মোছা. আমেনা বেগম বাদী হয়ে ২ জানুয়ারি লালবাগ থানায় রবিনসহ ১৩ জনের বিরুদ্ধে এবং অজ্ঞাত আরও ৫-৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর রবিন ও অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যায়। এরই ধারাবাহিকতায় আজ বিকালে লালবাগ এলাকা থেকে রবিনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিন হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। বর্তমানে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।