বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। দিনভর এমন বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকেই রাজধানীতে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে কর্মজীবী মানুষের অফিসে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে। নিম্নচাপের প্রভাবেই এমন বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে ময়লা-আবর্জনায় ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা হওয়ায় টানা বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকায় পানি জমে গেছে। ফলে বাসা থেকে বের হয়ে অফিসে যেতে ভোগান্তি পোহাতে হচ্ছে কর্মজীবী মানুষের।
এছাড়া অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। দেশের চার সমুদ্র বন্দরেও দেওয়া হয়েছে তিন নম্বর সতর্ক সংকেত।
এছাড়াও আজ বৃহস্পতিবার খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যান্য অঞ্চলগুলোর ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।