ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি শুরু হয়েছে। আজ বুধবার (৪ জুন) পাওয়া যাচ্ছে ১৪ জুনের টিকিট।
আজ সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। আর দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষে আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে, ১০ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩১ মে। এরমধ্যে ১২ জুনের আসনের টিকিট ২ জুন ও ১৩ জুনের টিকিট বিক্রি হয়েছে ৩ জুন।
১৪ জুনের টিকিট আজ (৪ জুন) বিক্রি শুরু হয়েছে। ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন।
ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এসময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী চারটি আসনের টিকিট একবার একসঙ্গে কেনার সুযোগ রয়েছে। তবে একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।