রাজধানীর শ্যামলীতে দেশীয় অস্ত্রের মুখে শিমিয়ন ত্রিপুরা (৩০) নামে এক যুবকের জামা-জুতাসহ সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার কবিরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৫ জুলাই) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম। এদিন আসামি কবিরকে একদিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ।
এর আগে সোমবার ভোররাতে রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ছিনতাইয়ের সময় ব্যবহৃত মোটরসাইকেলসহ কবিরকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও শেরেবাংলা নগর থানা পুলিশ।
গত শুক্রবার (১১ জুলাই) সকালে শ্যামলী ২ নম্বর রোডে শিমিয়ন ত্রিপুরা নামে এক যুবক অফিসের যাওয়ার সময় মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী দেশীয় অস্ত্র ঠেকিয়ে তার পথ আটকে দেয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ, টাকা, মোবাইল, এমনকি তার শরীরের জামা ও জুতা ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা।
এ ঘটনার একটি সিসিটিভি ক্যামেরা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অনেকেই নানা ধরনের প্রতিক্রিয়া জানান। সিসিটিভির ফুটেজ দেখা যায়, ছাতা হাতে শিমিয়ন ত্রিপুরা নামে এক যুবক হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ পেছন থেকে তিন ছিনতাইকারী মোটরসাইকেলে এসে তাকে ঘিরে ফেলে। দুইজন হাতে ধারালো অস্ত্র নিয়ে যুবকের মুখোমুখি অবস্থান নেয়, অন্য একজন মোটরসাইকেল ইউটার্ন করে সামনে এসে পথ আটকে দাঁড়ায়।
তাদের মধ্যে দুই জনের মাথায় হেলমেট ছিল, আর একজন ছিল খালি গায়ে। এরপর তারা ভুক্তভোগী যুবকের সঙ্গে থাকা ব্যাগ ও জিনিসপত্র ছিনিয়ে নিয়ে নেয়। একপর্যায়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দেখিয়ে ভীতি সৃষ্টি করে ভুক্তভোগীর শরীরের জামা ও পায়ের জুতা খুলিয়ে নেয়। ছিনতাই শেষে তিন জন আবার মোটরসাইকেলে ওঠে দ্রুত পালিয়ে যায়।