গোপালগঞ্জে সমাবেশ করতে গিয়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার কারণে সরকারি একটি স্থাপনায় আশ্রয় নেয়া অবরুদ্ধ এনসিপি নেতাদের উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকালে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেন, ‘এনসিপি নেতাকর্মীদের রেস্কিউ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’
পোস্টে তিনি আরও লেখেন, ‘এই ন্যক্কারজনক সন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’
উল্লেখ্য, বুধবার বিকাল পৌনে ৩টার দিকে গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়েছে। এসময় পুলিশ ও সেনাবাহিনীর গাড়িতেও হামলা হয়। এ ঘটনার পর এনসিপির নেতারা সরকারি স্থাপনায় অবস্থান নেন।
এর আগে দুপুর দেড়টার দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত এনসিপির সমাবেশ মঞ্চেও হামলা চালায় ছাত্রলীগ। সমাবেশ মঞ্চে থাকা সাউন্ড বক্স, মাইক, চেয়ার ভাঙচুরসহ উপস্থিত এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা করা হয়। পরে পৌর পার্ক এলাকা ত্যাগ করার কিছু সময় পর হামলার মুখে পড়ে এনসিপির গাড়িবহর।