রাজধানীর ধানমন্ডি এলাকায় নুরুল হক (৬০) নামে এক অটোরিকশাচালককে মাথায় আঘাত করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে (১৭ জুলাই) ধানমন্ডি থানাধীন মোহাম্মদপুর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত নুরুল হক বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন। ভোর সাড়ে ৫টার দিকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন তার পূর্বপরিচিত আসিফ শেখ।
আসিফ জানান, রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর রোডে অটোরিকশা চালক নুরুল হককে মাথায় আঘাত করে অটোরিকশাটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
আহত নুরুল হকের গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়। তিনি রাজধানীর হাজারীবাগ এলাকায় বসবাস করেন। তার বাবার নাম আব্দুল হাকিম।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, ‘আহত চালক মাথায় আঘাত নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।’