দক্ষিণ বনশ্রীতে বাসায় ঝুলছিল যুবকের মরদেহ, পরিবারের দাবি আত্মহত্যা

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে ভাড়াবাসা থেকে জীবন সরদার (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, স্ত্রীর সঙ্গে কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। শুক্রবার (১৮ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, জীবন সরদার একটি নির্মাণাধীন ভবনে কেয়ারটেকারের কাজ করতেন। ওই দিন স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর নিজ ঘরে গিয়ে আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জীবনের ভাই ইমন সরকার জানান, তাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদর উপজেলার কালিকাপুরে। বাবার নাম বাবুল সরদার। দক্ষিণ বনশ্রীর কে ব্লকের ১৮ নম্বর রোডের একটি টিনশেড বাসায় স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।

মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।