বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলীর ৬ বছরের কারাদণ্ড

দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মুঃ শহীদুল আলমকে (৬৭) পৃথক দুই ধারায় ৬ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় ধারার সাজা একসঙ্গে চলবে বিধায় তাকে তিন বছর কারাভোগ করতে হবে। 

রবিবার (২০ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকরিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায়ে আসামির অপরাধলব্ধ আয় রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ দেন বিচারক। এছাড়াও এ মামলায় গ্রেফতার হয়ে আসামির ইতোপূর্বে জেলহাজতে আটক থাকাকালীন সময় সাজার মেয়াদ হতে বাদ যাবে বলে রায়ে উল্লেখ করা হয়।