ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই মাইলস্টোন স্কুলের ভবনে বিধ্বস্ত হয় বিমানটি

রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুলের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ একটি বিকট শব্দ পাওয়া যায়। এর কিছুক্ষণের মধ্যেই মাইলস্টোনের ওই ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার কিছুক্ষণ আগেই একটি ক্লাস শেষ হয়েছে। স্কুলটিতে প্রথম থেকে সপ্তম শ্রেণির ক্লাস চলছিল। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ভবনটিতে আগুন লেগে যায়। পরে সেনা ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রমে যোগ দেন।

এদিকে বিমান বিধ্বস্তের খবর ছড়িয়ে পড়লে দিয়াবাড়ি এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা ছুটে আসেন সন্তানদের খোঁজে।

এ দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যদিও দায়িত্বশীল কোনও সংস্থা বা ব্যক্তি এখনও হতাহতের খবর জানাতে পারেননি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, এখনও আহতদের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ঘটনাস্থলে ফায়ার ব্রিগেড ও সেনাবাহিনী কাজ করছে।

উদ্ধারে কাজ করছেন সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস কর্মীরা

ঘটনাস্থলে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।