ফিরে দেখা: ২৬ জুলাই ২০২৪

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই। গত বছরের জুলাই-আগস্ট মাসের দিনগুলো ফিরে দেখতে বাংলা ট্রিবিউনের এই প্রয়াস।

আজ ২৬ জুলাই। ২০২৪ সালের এই দিনে টানা কয়েকদিন ধরে চলমান কারফিউ আরও কিছুটা শিথিল করার ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, ঢাকা, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আগের দিন রাতে এই ঘোষণা দেন তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলে, বাংলাদেশে বিক্ষোভকারীদের ওপর পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীরাও এদিন বলেন, তারা স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা না করেই কোটা সংস্কারের সার্কুলারে কোনও সমাধান দেখছেন না।

গতবছরের এই দিনে পুলিশের গোয়েন্দা শাখা তিন সংগঠককে তুলে নেয়। সারা দেশে ‘ব্লক রেইড’ শুরু করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে অন্তত ৫৫৫টি মামলা হয়েছে এবং ৬২৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়।