স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত ২০২৪ সালের জুলাই। গত বছরের জুলাই-আগস্ট মাসের দিনগুলো ফিরে দেখতে বাংলা ট্রিবিউনের এই প্রয়াস।
আজ ২৭ জুলাই। ২০২৪ সালের এই দিনে নাহিদ ইসলামসহ কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের তিন সমন্বয়ককে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে নিজেদের হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অপর দুই সমন্বয়ক হলেন— আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের আরও দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তারা হলেন— সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।
আন্দোলনকে ঘিরে বিক্ষোভ, সংঘাত, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর বিভিন্ন এলাকা ভাগ করে চলে‘ব্লক রেইড’ অভিযান। এরই ধারাবাহিকতায় রাজধানীসহ সারা দেশে ২৯০ জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২৭ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান।
র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে হামলা, নাশকতা ও অগ্নিসংযোগে গ্রেফতার ব্যক্তিরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, মুক্তিযুদ্ধবিরোধী ও রাষ্ট্রবিরোধী চক্রের নির্দেশনায় তারা এ হামলা ও নাশকতায় অংশ নেয়।
এছাড়া এদিন কোটা আন্দোলনে সহিংসতার অভিযোগে সিলেটে ১১ মামলা, ১৪৩ জনকে গ্রেফতার করা হয়।
এদিন চট্টগ্রামে ১৪ ঘণ্টা কারফিউ শিথিল করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি-পিআর) কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, ‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জারিকৃত কারফিউ শনিবার (২৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। তবে এদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় কারফিউ বলবৎ হবে।’
‘চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জারিকৃত কারফিউ শনিবার (২৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। তবে এদিন সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় কারফিউ বলবৎ হবে।’
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ ও পরবর্তী সংঘাতে এ নিয়ে ২০৯ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।