জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহতদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিচ্ছে এসএমই ফাউন্ডেশন

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে এসএমই ফাউন্ডেশন।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম) এ আয়োজন করা হয়। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে ‘আর্টস অ্যান্ড ক্রাফটস’ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন– বিআইএম মহাপরিচালক ড. খন্দকার আজিজুল ইসলাম এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল আকবর। শুভেচ্ছা বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার ও ফারজানা খান এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সামসি আরা জামান।

তিন দিনের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের আর্টস অ্যান্ড ক্রাফটসের বেসিক্স অব কালার, টাই অ্যান্ড ডাই টেকনিক্স, টি শার্ট পেইন্টিং, মধুবানি আর্ট, পটারি পেইন্টিং, রাশিয়ান পেইন্টিং, ফেব্রিক কালারসহ গ্লাস পেইন্টিং, জুট ব্যাগ ডিজাইন, আফ্রিকান আর্ট, স্টেনসিল ওয়ার্ক, জুয়েলারি মেকিং এবং এসব পণ্যের কাঁচামাল ক্রয় ও বিক্রয় মূল্য নির্ধারণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।

আনোয়ার হোসেন চৌধুরী জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তায় ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আরও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে এসএমই ফাউন্ডেশনের।