২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেফতার ১৮৬, মামলা ৩৩

জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায়  ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ৪৭১টি টহল টিম ও ৬৬টি চেকপোস্ট বসিয়ে ১৮৬ জনকে গ্রেফতার করেছে। এসময় তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আরও ৩৩টি।

সোমবার (২৯ জুলাই) দিবাগত রাত ১২টা ১ মিনিট  হতে মঙ্গলবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (৩০ জুলাই) বিকালে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত জানান।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের বরাতে দিয়ে ডিসি তালেবুর রহমান জানান,

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই দফায় ডিএমপির ৪৭১টি টহল টিম দায়িত্ব পালন করে। এরমধ্যে রাতে ২৫৯টি ও দিনে ২১২টি টিম দায়িত্ব পালন করে। টহল টিমগুলোর মধ্যে রয়েছে— মোবাইল পেট্রোল টিম ২১২টি, ফুট পেট্রোল টিম ২০টি ও হোন্ডা পেট্রোল টিম ২৭টি। এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৬৬টি পুলিশি চেকপোস্ট বসানো হয়।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৮৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাদের মধ্যে রয়েছে এক জন ডাকাত, পাঁচ জন চোর, ১৩ জন মাদক কারবারি, দুই জন প্রতারক ও ১২জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী।

অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত ১১টি মোবাইল ফোন, একটি বাস ও নগদ ১৩ হাজার ১৮০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১০০৬৫ পিস ইয়াবা, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৪ বোতল ফেন্সিডিল ও এক গ্রাম হেরোইন।

ডিএমপির বিভিন্ন থানায় এ সময় ৩৩টি মামলা রুজু করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানায় ডিএমপি।