সুন্দরবন স্কয়ার মার্কেট আগেই ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের আগুন বিপজ্জনক ছিল। মার্কেটের ভেতরে কোনও ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। দুই-তিন বছর আগে মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস।

শনিবার (২ আগস্ট) আগুন নিয়ন্ত্রণের পর ঘটনাস্থলে সাংবাদিকদের এসব কথা বলেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান।

তিনি বলেন, ভবনের নিচতলা ও চার তলাসহ বিভিন্ন ফ্লোরে অনেক লোকজন ছিল। এসব লোকজনকে বার বার বলার পরও বের হতে চাচ্ছিলেন না। পরে পুলিশ, ফায়ার সার্ভিসসহ সেনাবাহিনী এসব লোকজনকে ভবন থেকে বের করার চেষ্টা করে। এর কারণে আগুন নেভানোর কাজ ব্যহত হচ্ছিল। আমরা যদি সঠিক সময়ে আমাদের কাজ না করতে পারি, তাহলে আগুন নেভানো সম্ভব নয়। বিভিন্ন সংস্থার সহযোগিতায় আগুন নেভাতে পেরেছি। অগ্নিকাণ্ডটা বিপজ্জনক ছিল।

আগুনে কী পরিমাণ দোকান ক্ষয়-ক্ষতি হয়েছে, এমন প্রশ্নে কাজী নজমুজ্জামান বলেন, আমরা দুইটা দোকানের শাটার খুলে আগুন পেয়েছি। তবে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে এটা জানা যাবে।

আগুনের সূত্রপাত বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভবনের ফায়ার সেফটি প্ল্যান ছিল না। এছাড়া ভবনে কোনও ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। এই ভবনটাকে আমরা অনেক আগে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছিলাম। ভবনের বৈদ্যুতিক সংযোগের তারগুলো এলোমেলো অবস্থায় ছিল। এর কারণে আগুনটা একদিক থেকে অন্য দিকে চলে যায়। প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। এতে করে আগুন নেভাতে আমাদের বেগ পেতে হয়েছে।