ছাত্র-জনতা বহনকারী ৬ ট্রেন ঢাকায় পৌঁছেছে

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৩৬ জুলাই উদযাপন ও জুলাই ঘোষণাপত্র পাঠকে কেন্দ্র করে অনুষ্ঠানে ছাত্র-জনতার অংশগ্রহণের জন্য দেশের ৮টি অঞ্চল থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে মোট ৬টি ট্রেন পৌঁছেছে। ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মোট ৮টি বিশেষ ট্রেনের ৬টি স্টেশনে পৌঁছেছে। যাত্রীরাও স্টেশন ত্যাগ করেছে। এখনও দুটি ট্রেন স্টেশনে পৌঁছায়নি, কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে।

তিনি জানান, ভাঙ্গা, নারায়ণগঞ্জ, সিলেট, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম থেকে আসা ট্রেনগুলো পৌঁছেছে। নরসীংদী এবং জয়দেবপুর থেকে আসা ট্রেন এখনও পৌঁছায়নি।

জানা গেছে, জুলাই ঘোষণাপত্র ঘিরে বরাদ্দ ট্রেনে করে দেশের বিভিন্ন জেলা থেকে ছাত্র-জনতাকে ঢাকায় নিয়ে আসা হবে। আবার কর্মসূচি শেষে এসব ট্রেনে করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। ৮ জোড়া ট্রেনের জন্য প্রায় ৩০ লাখ ৪৬ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। ট্রেনগুলোর ভাড়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে বলে সূত্র জানিয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর তাদের চিঠিতে কোনও কোনও জায়গায় ট্রেন দিতে হবে, কখন ট্রেন ঢাকায় পৌঁছাতে হবে এবং কখন গন্তব্যে ফিরে যাবে, তা উল্লেখ করেছে। সে অনুযায়ী সূচিপত্র তৈরি করেছে রেল কর্তৃপক্ষ। জুলাই অধিদফতর তাদের চিঠিতে বলেছে, ট্রেনগুলো বেলা ২টা থেকে ৩টার মধ্যে ঢাকায় পৌঁছাতে হবে। কর্মসূচি শেষে রাত ৮-৯টার মধ্যে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করবে।