‘তুলির আঁচড়ে বিপ্লবগাথা’ স্লোগানে রাজধানীর বনশ্রীর খ্যাতনামা ইসলামিক ইংলিশ মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল অব দ্য নেশন-এ অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী অঙ্কন প্রতিযোগিতা। জাতীয় ইতিহাস ও জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা শহরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
আয়োজন শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান খান। তিনি বলেন, “জুলাই মাস আমাদের জন্য প্রেরণার মাস। এই মাসেই আমরা হারিয়েছি জাতির অনেক শ্রেষ্ঠ সন্তানকে। তাদের আত্মত্যাগ কখনোই ভোলার নয়। আমরা তাদের অবদান চিরকাল স্মরণ করবো।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল হাবিব কাইয়ুম এবং ভাইস প্রিন্সিপাল মার্জিয়া ছাদিয়া। অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও সৃজনশীলতাকে উৎসাহিত করার আহ্বান জানান।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আঁকা ছবি প্রদর্শনী আকারে স্কুল প্রাঙ্গণে সাজিয়ে রাখা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়।
স্কুল কর্তৃপক্ষ জানায়, আগামী দিনগুলোতেও তারা এমন উদ্যোগ অব্যাহত রাখবে, যাতে শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা ও ঐতিহাসিক চেতনার বিকাশ ঘটে।