২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সলিমুল্লাহ মুসলিম হল সংসদে ছাত্রলীগের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছিলেন মো. জুলিয়াস সিজার তালুকদার। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ভিপি পদে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি।
বুধবার (১২ আগস্ট) দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহের প্রথম দিনে তিনি এই ফরম সংগ্রহ করেন। পরে ফেসবুকের এক পোস্টে জুলিয়াস সিজার তালুকদার সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন চেয়েছেন। পোস্টে তিনি লেখেন, ডাকসুর ভিপি পদপ্রার্থী। সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন চাই।
এ ঘটনা নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা সমালোচনা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা বলছে, ওই নির্বাচনের পর হলের ছাত্র ফরিদ হাসানকে মেরে রক্তাক্ত করার ঘটনায় তৎকালীন ডাকসু ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে ওই হলে প্রতিবাদ করতে গেলে সিজারের অনুসারীরা ডিম নিক্ষেপ ও মারধর করেছিল।
তবে সমালোচনা শুরু হওয়ার পরপরই জুলিয়াস সিজারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য চিফ রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছেন সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক এবং হল সংসদের রিটার্নিং অফিসার জাওয়াদ ইবনে ফরিদ।
লিখিতপত্রে তিনি জানান, জুলিয়াস সিজারের বিরুদ্ধে ফ্যাসিবাদী সরকার থাকাকালীন শিক্ষার্থীদের ওপর সুনির্দিষ্ট নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।
এই অভিযোগের ভিত্তিতে ডাকসুর ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য তিনি চিফ রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করেন।