আরও ৫ মামলায় বিএসবির খায়রুলের ১৩ দিনের রিমান্ড

বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ৩ কোটি ৮৯ লাখ ৬৭ হাজার ৯৮৫ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারণার পৃথক ৫ মামলায় ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক’-এর মালিক মো. খায়রুল বাশার বাহারের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (৬ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে ৫ মামলার তদন্ত কর্মকর্তা সর্বমোট ৪৪ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

শুনানিতে শামসুদ্দোহা সুমন বলেন, ‘আসামির বিরুদ্ধে বিদেশে উচ্চশিক্ষায় পাঠানোর কথা বলে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আজ আদালতে পাঁচটি মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। এর মধ্যে একটি মামলায় তার সন্ত্রাসীবাহিনী দিয়ে ভুক্তভোগীদের ওপর হামলা ও মারধরের অভিযোগও আছে। প্রতারণা টাকা কী করেছে? তার সঙ্গে আর কে কে জড়িত? এসব তথ্য উদঘাটনে তার ৪৪ দিনের দিনের রিমান্ড চাচ্ছি।’

এর আগে গত ১৪ জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডি থানাধীন রোড নং-০৪ এর একটি ভবনের নিচতলা থেকে খায়রুল বাশার বাহারকে গ্রেফতার করা হয়। পর দিন ১৫ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। ৬ আগস্ট এক মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ওই মামলার রিমান্ড শেষে আবারও আজ তাকে কারাগারে হাজির করে রিমান্ডে পাঠানো হয়েছে।