রাজধানীর মোহাম্মদপুরে দিনে-দুপুরে বাসার পার্কিং থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৩ আগস্ট) দুপুরে মোহাম্মদপুর থানার আজিজ মহল্লার ৭/৩ নম্বরে শরীফা নুর ভিলা নামে বাসায় এই চুরির ঘটনা ঘটে।
মোটরসাইকেলের মালিক আমিনুল ইসলাম সোহাগ একজন শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদপুর থানায় একটি মামলা করেছেন।
বাসার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক অজ্ঞাত ব্যক্তি বাসার গেট দিয়ে ঢুকে এদিক সেদিক দেখে কৌশলে মোটরসাইকেলটি চালু করে। এরপর নিজেই গেট খুলে মোটরসাইকেল চালিয়ে চলে যায়।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার এসআই ও তদন্ত কর্মকর্তা খোরশেদ বলেন, অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে এ ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। বিষয়টি খতিয়ে দেখছি।