হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী বৃদ্ধা নিহত

হাতিরঝিল এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম বেলী বেগম (৭০)। তিনি পরিচ্ছন্নতার কাজ করতেন ও পাশাপাশি পানি বিক্রি করতেন। এই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল চালক মো. ফয়সাল ( ১৮)।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে হাতিরঝিল বেগুনবাড়ি বউবাজার পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রাত সাড়ে আটটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বেলী বেগমকে মৃত ঘোষণা করেন।

চালক ফয়সালের বন্ধু নিয়াজ আহমেদ বলেন, এক বড় ভাইয়ের মোটরসাইকেল নিয়ে ফয়সাল  আরও এক বন্ধুসহ নিয়ে বের হয়েছিলেন। বেগুনবাড়ি বউবাজার এলাকায় ওই বৃদ্ধা নারীর রাস্তা পার হচ্ছিলেন। তখন মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে ওই নারী ছিঁটকে রাস্তায় পড়ে  আহত হন। এসময় মোটরসাইকেল থেকে ফয়সালসহ অপর আরোহী মাসুম পড়ে যান। মাসুম পেছনে থাকায় তার তেমন কিছুই হয়নি। আহত হয়েছেন ফয়সাল।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক এসআই আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন রাস্তা পারাপারের সময় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নারী গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত মোটরসাইকেল চালকের চিকিৎসা চলছে বলেও জানান ওই এসআই।

মৃতা বেলী বেগম নাটোরে জেলার বড়াইগ্রাম উপজেলার তারামিয়ার মেয়ে। তার স্বামীর নাম মজিবুর রহমান। বর্তমানে বেগুনবাড়ি পোড়াবাড়ি এলাকায় থাকতেন।