রাজধানীর ওয়ারী থানাধীন লালমোহন শাহ স্ট্রিটের একটি বাসায় বালতির পানিতে পড়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মাহাদী হাসান। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে ঘটনাটি ঘটে।
মৃত শিশুটির মামা আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে লালমোহন শাহ স্ট্রিট ওয়ারী নিজ বাসার পাঁচ তলার রুমে মাহাদীর মা লাকি বেগম রুটি বানাচ্ছিল, বড় ভাই টেবিলে পড়ছিল। সে সময় সবার অগোচরে হাঁটতে হাঁটতে জমে থাকা এসির পানির বালতির ওপর পড়ে গিয়ে অচেতন হয়ে যায় মাহাদী।
পরে দেখতে পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মৃত মাহাদী হাসান দুই ভাইয়ের মধ্যে ছোট। তার বাবা আবুল বাশার একজন ব্যবসায়ী।