জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ

শহীদ পরিবার পাবে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ২০ হাজার ভাতা

‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিধিমালা, ২০২৫’ এর গেজেট প্রকাশ করেছে সরকার। প্রকাশিত গেজেট অনুযায়ী, স্বীকৃত শহীদ পরিবারের সদস্যরা এককালীন ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। ভাতা প্রাপ্তি কার্যকর হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে।

বুধবার (২০ আগস্ট) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

এর আগে গত ১৭ জুন ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’ এর গেজেট প্রকাশ করা হয়। এতে গণঅভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ওই অধ্যদেশের ক্ষমতাবলে এই বিধিমালা করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন  গত ২৮ এপ্রিল মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদফতর’ করেছে সরকার।

বৃহস্পতিবার (২১ আগস্ট) প্রকাশিত বিধিমালা অনযায়ী জুলাইয়ে আহতদের তিন ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে অতি গুরুতর আহতরা এককালীন পাঁচ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা, গুরুতর আহতরা এককালীন তিন লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা এবং আহতরা এককালীন এক লাখ টাকা ও মাসিক ১০ হাজার টাকা পাবেন।

বিধিমালায় বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে। কেন্দ্রীয় কমিটির সভাপতি হবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বা উপদেষ্টা। জেলা কমিটির সভাপতি হবেন জেলা প্রশাসক এবং উপজেলা কমিটির সভাপতি হবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।