তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে হঠাৎ একটি গার্মেন্টস কারখানা বন্ধের ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। এতে নাবিস্কো ও তিব্বত মোড়ে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন শ্রমিকরা। তাদের দাবি, কারখানা বন্ধের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে সিদ্ধান্ত নিতে হবে, অথবা বন্ধ করা গার্মেন্টস পুনরায় খুলে দিতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘পশ’ নামে একটি গার্মেন্টস কারখানা কোনও ধরনের আগাম নোটিশ ছাড়াই বৃহস্পতিবার (২১ আগস্ট) বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন।

এদিকে ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, তেজগাঁওয়ের নাবিস্কো পয়েন্টে গার্মেন্টসের কর্মীরা রাস্তার উভয়পাশ বন্ধ করে আন্দোলন করছেন। এ কারণে মহাখালী-তেঁজগাও রুটে ইনকামিং এবং আউটগোয়িং উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশ নিয়োজিত আছে।

ডাইভারশন ব্যবহারের অনুরোধ জানানিয়ে ডিএমপির বলেছে–

১. উত্তরার দিক থেকে আসা যানবাহন কাকলী ক্রসিং হয়ে গুলশান-২, গুলশান-১, পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবে। এছাড়া আমতলী পার হয়ে জাহাঙ্গীর গেটমুখী রাস্তা ব্যবহার করে তেজগাঁও যাওয়া যাবে।

২. আমতলী, গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা রুট ব্যবহার করা যাবে।

৩. উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্রিজ ব্যবহার করতে পারবে।

৩ মহাখালী থেকে বনানী, গুলশান, উত্তরাগামী রুটে আউট গোয়িংয়ে যানচলাচল করা যাচ্ছে।