জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক সহকারী প্রক্টর ও পাবলিক হেলথ ও ইনফরমেটিক্স বিভাগের সাবেক সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (২৩ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ এ আদেশ দেন।
এদিন জুলাই আন্দোলনের সময় ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ওরফে রাসেল হত্যায় সাভার থানায় মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপ-পরিদর্শক মো. মেহেদী হাসান ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শনিবার ভোর ৩টায় সাভারের ব্যাংক টাউন এলাকার একটি ফ্লাটে অভিযান চালিয়ে মাহমুদুর রহমান জনিকে গ্রেফতার করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট সাভার থানার মুক্তির মোড় এলাকায় আন্দোলন অংশ নেন ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব থানার যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ওরফে রাসেল। ঘটনার দিন বিকাল সাড়ে ৪টায় আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন রাসেল। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ১৬ সেপ্টেম্বর নিহতের ভাই সাইদুর রহমান সাভার থানায় হত্যা মামলা করেন। এ মামলায় তিনি সন্দিগ্ধ আসামি।