যে কোনও রাজনৈতিক কর্মসূচিসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে ব্যস্ত সড়ক পরিহার করে বিকল্প স্থানে সভা-সমাবেশ আয়োজনের অনুরোধ করেছেন ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
শনিবার (২৩ আগস্ট) রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ৩২টি রাজনৈতিক দল ও জোটের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এ অনুরোধ জানান।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ডিএমপির প্রস্তুতির কথা তুলে ধরে শেখ মো. সাজ্জাত আলী বলেন, নির্বাচনে ডিএমপির সর্বোচ্চ সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে।
তিনি বলেন, রাস্তা বন্ধ থাকার কারণে গর্ভবতী মহিলা, মুমূর্ষু রোগী হাসপাতালে যথা সময়ে পৌঁছাতে পারেনা। একজন পরীক্ষার্থী সময় মতো পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে পারেনা। তাই এই অবস্থা থেকে উত্তরণ অত্যন্ত জরুরি।
ডিএমপি কমিশনার বলেন, সভা সমাবেশ করার জন্য কিছু স্থান প্রস্তাব করা হয়েছে। ঢাকা মহানগরের জনদুর্ভোগ এড়াতে বিভিন্ন সমাবেশ করার জন্য প্রস্তাবিত ৯১টি স্থান বিবেচনা করা যেতে পারে। এর মধ্যে মতিঝিল বিভাগে ১৫টি, তেজগাঁও বিভাগে ১২টি, লালবাগ বিভাগে ১৭টি, ওয়ারী বিভাগে ১৪টি, গুলশান বিভাগে ৮টি, মিরপুর বিভাগে ১১টি, উত্তরা বিভাগে ১০টি, রমনা বিভাগে ৪টি।
সভার আলোচনায় অংশগ্রহণকারী রাজনৈতিক নেতাদের নগরীর প্রধান সমস্যা যানজট, মাদক বিস্তার, কিশোর গ্যাংয়ের উৎপাত নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে পুলিশকে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের বক্তব্যে বলেন, ঢাকা মহানগরের প্রত্যেকটি নাগরিক যেন নিরাপদে, শান্তিতে বসবাস করতে পারেন—এটাই আমাদের মূল লক্ষ্য। এ ছাড়াও নির্বাচনকে সামনে রেখে যে কোনও ধরনের নাশকতার বিষয়ে পুলিশকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) মো. সরওয়ার বলেন, যানজট নিরসনে ডিএমপি নিরলস কাজ করে যাচ্ছে। কেবল পুলিশ নয় ঢাকা মহানগরীতে ট্র্যাফিক ব্যবস্থাপনায় ২৫টি বিভিন্ন সংস্থা জড়িত। সবার সম্মিলিত চেষ্টার মাধ্যমে যানজট পরিস্থিতি উন্নত করা সম্ভব।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ বলেন, দীর্ঘদিন পর দেশে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন। তিনি পুলিশ বাহিনীর মানমর্যাদা পুনরুদ্ধারে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) এস, এন, মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিমসহ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনাররা ও বিভিন্ন অপরাধ বিভাগের উপ-পুলিশ কমিশনাররাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা শেষে রাজনৈতিক নেতাদের পক্ষ থেকেও ঢাকা মহানগর পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।