তিন দাবিতে আগারগাঁও অবরোধ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

তিন দফা দাবি আদায়ে রাজধানীর আগারগাঁওয়ে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১২টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।

ব্লকেড কর্মসূচি হওয়ায় আগারগাঁওয়ের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে এই রাস্তায় চলাচলকারীদের পড়তে হচ্ছে ভোগান্তিতে।

কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবি হলো– কৃষি সম্প্রসারণ অধিদফতর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানের দশম গ্রেডের পোস্ট কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা; নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া নবম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনও সুযোগ না রাখা; কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে নামের সঙ্গে কৃষিবিদ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

এ সময় আন্দোলনকারীরা বলেন, আমাদের তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না।

উল্লেখ্য, বুধবার (২৭ আগস্ট) রাতে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিষয়টি নিশ্চিত করা হয় কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপ থেকে।