গুরুতর আহত গণঅধিকার পরিষদের (জিওপি) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের খোঁজখবর নিতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টা ৫০ মিনিট নাগাদ তিনি ঢামেকে উপস্থিত হলে বিক্ষোভ শুরু করেন দলটির নেতাকর্মীরা। পরে তিনি ঢামেকের জরুরি বিভাগে গেলে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের বিক্ষোভের মুখে সেখানেই আটকা পড়েন। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছিলেন।
সরেজমিনে দেখা যায়, আইন উপদেষ্টার ঢামেকে আসার খবর শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন দলটির নেতাকর্মীরা। এ সময় তারা ভুয়া ভুয়া ধ্বনি দিতে থাকেন। একপর্যায়ে তারা ঢামেকের জরুরি বিভাগের সামনে গিয়েও বিক্ষোভ প্রদর্শন করেন। পরে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান ও অন্য নেতাদের অনুরোধে তারা হাসপাতালের ভেতর থেকে বের হয়ে জরুরি বিভাগের প্রবেশমুখে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।