ধানমন্ডিতে ১২ বছরের গৃহকর্মীর আত্মহত্যার অভিযোগ

রাজধানীর ধানমন্ডিতে মারিয়া খাতুন (১২) নামে এক গৃহকর্মী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৩টার দিকে ধানমন্ডির ৯/এ রোডের ৩৬ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।

মারিয়ার নানি বকুলি বেগম জানান, নাসরীন সুলতানার ওই বাসায় চার মাস ধরে গৃহকর্মীর কাজ করছিল। তিনি নিজেও ওই বাসায় প্রায় ১০ বছর ধরে কাজ করছেন। বিকালে পরিবারের সবার অগোচরে মারিয়া ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মারিয়াকে মৃত ঘোষণা করেন।

মারিয়া কেন আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি তার নানি বকুলি বেগম।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ধানমন্ডি থানায় অবগত করা হয়েছে।

নিহত মারিয়া কিশোরগঞ্জের তারাইল উপজেলার মৃত মাসুদ ইসলামের মেয়ে।