তেজগাঁওয়ে হোটেলে ঘুমন্ত অবস্থায় যুবকের মৃত্যু, হাসপাতালে আরও ২

রাজধানীর তেজগাঁও এলাকার একটি হোটেলের কক্ষে ঘুমন্ত অবস্থায় সানি (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তার সঙ্গে থাকা দুই সহকর্মী কামাল ও নয়ন অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত সানি ও অসুস্থ কামাল-নয়ন তিনজনই শুটিংয়ের কাজে যুক্ত ছিলেন। তারা বেগুনবাড়ি এলাকায় আজিমের হোটেলের নিচতলায় একটি কক্ষে একসঙ্গে থাকতেন। সকাল ৯টার দিকে সহকর্মীরা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সানিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা আরেক সহকর্মী মো. মিলন বলেন, ‘রাতে তারা তিনজন একসঙ্গে ঘুমিয়েছিলেন। সকালে কেউ উঠছিলেন না। আমরা গিয়ে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে হাসপাতালে নিয়ে এলে সানিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃত সানির মরদেহ মর্গে রাখা হয়েছে। অসুস্থ দুইজন চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।’

গ্যাস থেকে শ্বাসরোধের আশঙ্কা

স্থানীয়দের ধারণা, কক্ষটি ছিল বদ্ধ। এর ভেতরে কোনোভাবে গ্যাস জমে শ্বাসরোধ হয়ে এমনটি হয়ে থাকতে পারে। সানির বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়। বর্তমানে তিনি বেগুনবাড়ি এলাকার ওই হোটেলে বসবাস করে আসছিলেন।