রাজধানীতে চকলেট-মোবাইল গেমের প্রলোভনে শিশু অপহরণ, আসামি কারাগারে

রাজধানীর কদমতলীতে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রকে গত সোমবার মোবাইল গেম, চকলেট ও বেড়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়। পরে কদমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে শিশুটির বাবা। সেই মামলায় গতকাল মোখলেসুর রহমান রাজু নামে এক যুবককে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালত মোখলেসুর রহমান রাজুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এ দিন আসামিকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার উপ-পরিদর্শক জিএম কাদের। পরে আদালত সেটি মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টার দিকে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকা থেকে নিখোঁজ হয় ১২ বছরের এক শিশু। পরদিন সকালে শিশুটির বাবার মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে কল আসে এবং মোটা অংকের মুক্তিপণ দাবি করা হয়। শিশুর পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে ৪০ হাজার টাকা আদায়ও করে অপহরণকারীরা।

পুলিশ জানিয়েছে, অপহরণকারী রাজু শিশুটিকে মোবাইল গেম, চকলেট ও বেড়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে একাধিক স্থানে স্থানান্তর করে পরিবারের ওপর চাপ বাড়াতে থাকে এবং আরও মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। শিশুটি ধীরে ধীরে বুঝতে পারে তাকে আটকে রাখা হয়েছে এবং পরে শিশুটি ভীত হয়ে পড়ে। এ ঘটনায় শিশুটির বাবা ৫ সেপ্টেম্বর কদমতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে।