রাজধানীর খিলগাঁও নাকদারপাড় এলাকায় বাসের ধাক্কায় মো. সিফাত উল্লাহ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি একটি ট্রাভেলস এজেন্সিতে চাকরি করতেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা প্রথমে তাকে ফরাজি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে মুগদা জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা মঞ্জুর রশিদ জানান, সকালে ডেমরার বাসা থেকে মোটরসাইকেলে করে অফিসের উদ্দেশে রওনা হন সিফাত। খিলগাঁওয়ের নাকদারপাড়া এলাকায় পৌঁছালে একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
নিহত সিফাত উল্লাহ ডেমরার দক্ষিণ বক্সনগর সারুলিয়ার বাসিন্দা মো. হাফিজ উল্লাহ মোড়লের ছেলে।