ডাকসুর ভোটগ্রহণ শুরু

প্রায় ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই ভোটকেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে।

এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে ছাত্র ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে। বিকাল ৪টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।

নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ৪৫ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন ১৯ জন প্রার্থী। ১৮টি হল সংসদে ভোটের লড়াইয়ে নেমেছেন ১ হাজার ৩৫ জন। প্রতিটি হল সংসদে ১৩টি করে মোট পদের সংখ্যা ২৩৪।

সব মিলিয়ে এবার একজন ভোটারকে ৪১টি করে ভোট দিতে হবে। ভোটগ্রহণ হচ্ছে ওএমআর ফরমে, ছয় পাতার ব্যালটে। এরপর ১৪টি গণনা মেশিনে ৮টি কেন্দ্রে হবে ফলাফল গণনা। ফলাফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে।

উল্লেখযোগ্য প্যানেল

ডাকসু নির্বাচনে উল্লেখযোগ্য প্যানেলগুলো হলো ছাত্রদল সমর্থিত প্যানেল, ইসলামী ছাত্রশিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, বামপন্থি কয়েকটি সংগঠনের সমন্বয়ে ‘প্রতিরোধ পর্ষদ’, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সমর্থিত বিনির্মাণ পর্ষদ (আংশিক), সমন্বিত শিক্ষার্থী সংসদ, উমামা ফাতেমা নেতৃত্বাধীন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল, ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেল, ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেল।

কোন হলে কত ভোট

নির্বাচন কমিশন প্রকাশিত তথ্যানুযায়ী- বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ভোটার সংখ্যা ৬৬৫ জন, কবি জসীম উদ্দীন হলে ১ হাজার ২৯৮, অমর একুশে হলে ১ হাজার ৩০০, স্যার এ এফ রহমান হলে ১ হাজার ৩৮০, হাজী মুহম্মদ মুহসীন হলে ১ হাজার ৪০৭, সূর্যসেন হলে ১ হাজার ৪৯৫, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ১ হাজার ৬০৯, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ১ হাজার ৭৫৩, ফজলুল হক মুসলিম হলে ১ হাজার ৭৭২, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ১ হাজার ৯৬৩, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ২ হাজার ৫, বিজয় একাত্তর হলে ২ হাজার ৪৩ এবং জগন্নাথ হলে ২ হাজার ২২৫টি ভোট।

সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

ডাকসু নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা চোখে পড়ার মতো। ভোট কেন্দ্রসহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্ট দায়িত্ব পালন করছেন তারা। বহিরাগত প্রবেশ ঠেকাতে রাত থেকেই প্রবেশ গেটে বিশেষ পাহারা বসানো হয়েছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছেন বিএনসিসি, রোভার স্কাউটস ও রেডক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। তবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্টরা স্পেশাল কার্ড দেখিয়ে প্রবেশ করতে পারছেন।

মোতায়েন করা হয়েছে ২ হাজার ৯৬ জন পুলিশ, ডগ স্কোয়াড, সোয়াট টিম, বিশেষায়িত টিম, সাদা পোশাকধারী ডিবি পুলিশ।

সোমবার এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী এ তথ্য জানান। তিনি বলেন, ‘ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে কোনও শঙ্কা নেই।’