ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দিনভর ভোটগ্রহণ শেষে বিভিন্ন অভিযোগ তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র সাহা সাহসকে টেবিলে চাপড় দিয়ে উপাচার্যকে ধমকাতে দেখা গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সিনেট ভবনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা তাদের অভিযোগ ভিসির কাছে তুলে ধরেন। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের ভিসির সঙ্গে উচ্চবাক্য ও টেবিল চাপড়ে কথা বলতে দেখা যায়।
ভিসির কাছে ছাত্রদল নির্বাচনে কারচুপি, প্রশাসন জামায়াত-শিবিরের পক্ষে কাজ করছে-সহ নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ঢাবি শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অসংখ্য নেতাকর্মী।
এছাড়া বিশ্ববিদ্যালয়টির বিএনপিপন্থি শিক্ষক ও পদার্থবিজ্ঞান সাবেক অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানসহ বিএনপিপন্থি শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় ৬ বছর পর অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, বিরতিহীনভাবে চলে বিকাল ৪টা পর্যন্ত।
এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ করা হয়েছে।
নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৭১ জন প্রার্থী। সহ-সভাপতি (ভিপি) পদে লড়েছেন ৪৫ জন এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন প্রার্থী।
সব মিলিয়ে এবার একজন ভোটারকে ৪১টি করে ভোট দিতে হয়। ভোট নেওয়া হয় ওএমআর ফরমে, ৬ পাতার ব্যালটে। ১৪টি গণনা মেশিনে ৮টি কেন্দ্রে চলছে ফলাফল গণনা। ফলাফল ঘোষণা করা হচ্ছে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে। ভোট গণনা সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে।