এএফওএমপির সভাপতি হলেন বাংলাদেশের ড. হাসিন অনুপমা

এশিয়া-ওশেনিয়া ফেডারেশন অব অর্গানাইজেশনস ফর মেডিক্যাল ফিজিক্স (এএফওএমপি)-এর সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত মেডিক্যাল ফিজিক্স বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর হাসিন অনুপমা আজহারি।

এএফওএমপির ইতিহাসে প্রথম বাংলাদেশি এবং এবং অস্ট্রেলিয়ার প্রফেসর ইভা বেজাকের পর দ্বিতীয় নারী  হিসেবে এই মর্যাদাপূর্ণ সংগঠনের সর্বোচ্চ পদে নির্বাচিত হলেন। সভাপতি হিসেবে ড. হাসিন অনুপমার এই  স্বীকৃতি বাংলাদেশের নারী বিজ্ঞানীদের আন্তর্জাতিক মঞ্চে অবদানকে উজ্জ্বল করে তুলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 ২০২৫-২০২৮ মেয়াদে তিনি এই মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব পালন করবেন, যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৫টিরও বেশি দেশের মেডিক্যাল ফিজিক্স সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত সংঘের নেতৃত্ব দেবে।

ড. হাসিন অনুপমা আজহারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সেন্টার ফর বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিরেক্টর এবং প্রফেসর। তিনি গণবিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল ফিজিক্স অ্যান্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন চেয়ারম্যান এবং ফিজিক্যাল অ্যান্ড ম্যাথেম্যাটিক্যাল সায়েন্সেসের প্রাক্তন ডিন। 

বাংলাদেশ মেডিক্যাল ফিজিক্স সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি দেশে মেডিক্যাল ফিজিক্স শিক্ষা ও গবেষণার ভিত্তি স্থাপন করেছেন। তিনি বাংলাদেশের প্রথম নারী মেডিক্যাল ফিজিসিস্ট এবং একমাত্র মেডিক্যাল ফিজিক্স কোর্সের প্রথম নারী চেয়ারম্যান। 

নতুন এই অর্জনের বিষয়ে ড. অনুপমা বলেন, "এএফওএমপির সভাপতি নির্বাচিত হওয়া আমার জন্য শুধু সম্মান নয়, বাংলাদেশের মেডিক্যাল ফিজিক্স ক্ষেত্রকে বিশ্ব মঞ্চে তুলে ধরার এক অভূতপূর্ব সুযোগ। আমাদের দেশে ক্যানসার চিকিৎসার উন্নতির জন্য আধুনিক প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। আমি বিশ্বাস করি, গবেষণা, শিক্ষা এবং প্রাথমিক স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা প্রতিটি ক্যান্সার রোগীর জন্য নিরাপদ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পারি। আমার স্বপ্ন বাংলাদেশের প্রতিটি কোণে মেডিক্যাল ফিজিক্সের আলো ছড়িয়ে দেওয়া এবং তরুণ বিজ্ঞানীদের, বিশেষ করে নারীদের, এই ক্ষেত্রে এগিয়ে আসতে উৎসাহিত করা।"

উল্লেখ্য, ডা. হাসিন  গত ৭ বছর ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করে সরকারি পর্যযায়ে বাংলাদেশে 'মেডিক্যাল ফিজিসিস্ট' পদ সৃষ্টির আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও দেশি-বিদেশি একাধিক সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তিনি।